বাংলাদেশ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪৯ জন প্রার্থীকেই সংসদ সদস্য (এমপি) হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিব (রুটিন দায়িত্ব) কে এম আলী নেওয়াজের স্বাক্ষরে এই গেজেট জারি করা হয়। গেজেট প্রকাশের মাধ্যমে তারা এখন আনুষ্ঠানিকভাবে সংসদের সদস্য হিসেবে অভিষিক্ত হওয়ার পথে।
প্রকাশিত গেজেট বিশ্লেষণ করে দেখা যায়, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এবারের সংরক্ষিত নারী আসনে বড় জয় পেয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে ৩৬ জন এবং জামায়াত জোট থেকে ১২ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপি মনোনীত ৩৬ এমপি: সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোট মনোনীত ১২ এমপি: নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জিনিয়ার মাহমুবা হাকিম।
এবারের সংরক্ষিত আসনে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি পেশাজীবী ও তরুণ নেতৃত্বের সমন্বয় লক্ষ্য করা গেছে। গেজেট প্রকাশের পর এখন কেবল শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা বাকি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শিগগিরই স্পিকারের কাছে তাদের শপথ বাক্য পাঠের আয়োজন করা হবে।

