ভিআইপি প্রটোকল ভেঙে সিগন্যালে থামল গাড়ি: বর্জ্য সরানোর রিয়েলিটি চেক করতে রাজপথে স্বয়ং প্রধানমন্ত্রী

0
ভিআইপি প্রটোকল ভেঙে সিগন্যালে থামল গাড়ি: বর্জ্য সরানোর রিয়েলিটি চেক করতে রাজপথে স্বয়ং প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুবর্জ্য অপসারণে ঢাকা সচল ও পরিচ্ছন্ন হয়েছে কিনা—তা দেখতে কোনো পূর্বঘোষণা ছাড়াই সম্পূর্ণ ভিন্ন এক রূপে রাজপথে নামলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো প্রটোকল বা আনুষ্ঠানিকতা ছাড়াই শুক্রবার (২৯ মে) বিকেল ৪টায় গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি ড্রাইভ করে ঢাকার দুই সিটির বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক ও ব্যতিক্রমী ‘রিয়েলিটি চেক’-এর তথ্য নিশ্চিত করেছেন তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

উপ-প্রেস সচিব জানান, পরিদর্শনের পুরো সময়জুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক আইন অক্ষরে অক্ষরে পালন করেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিগন্যাল পড়লে সাধারণ চালকদের মতোই তিনি নিজের গাড়ি থামিয়ে অপেক্ষা করেন, যা ঢাকার রাজপথে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মূলত নাগরিক দুর্ভোগ এবং বর্জ্য অপসারণের প্রকৃত চিত্রটি সরাসরি অবলোকন করতেই তিনি এই ঝটিকা সফরে বের হন।

প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান এভিনিউ থেকে যাত্রা শুরু করে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট দিয়ে বাসাবোর দিকে এগিয়ে যায়।

এরপর নগরীর বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র দেখতে তাঁর গাড়ি একে একে প্রদক্ষিণ করে: কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড ও যাত্রাবাড়ী মোড়। ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক, নারিন্দা ও রায়সাহেব বাজার মোড়। আদালত সড়ক, নয়া বাজার, বংশাল রোড, গুলিস্তান ও শাহবাগ। এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটরি। কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সম্মুখভাগ, সীমান্ত স্কয়ার ও জিগাতলা বাসস্ট্যান্ড। ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট এবং বিজয় সরণি হয়ে মহাখালী।

সংশ্লিষ্টরা বলছেন, উৎসবের দিনে খোদ সরকারপ্রধানের এভাবে স্টিয়ারিং হাতে রাজপথে নেমে আসা এবং ঢাকার উত্তর-দক্ষিণের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ রুট নিজে ঘুরে দেখার ঘটনা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও ঢাকার দুই সিটির কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়াতে এক তীব্র মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর মাধ্যমে তিনি আইনের শাসনের প্রতি তাঁর দায়বদ্ধতার এক স্পষ্ট বার্তা দিলেন।