‘পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন’: তিন ধাপে অর্থনীতি সাজানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

0
'পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন': তিন ধাপে অর্থনীতি সাজানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদকঃ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্রেফ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, বরং একটি শক্ত অর্থনৈতিক ভিত্তি গড়ার হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে ‘পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন’ —এই তিন ধাপে সাজিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা।

এবারের বাজেটকে ‘জীবনবান্ধব’ আখ্যায়িত করে সরকারপ্রধান বলেন, “আমরা চেষ্টা করেছি এ বাজেট দিয়ে পিছিয়ে পড়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে।”

বাজার নিয়ন্ত্রণে সরকারের সফল পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বোঝা লাঘব করতে ৬১টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অতীতের প্রথা ভেঙে এবার বাজেটের আগে বা পরে নিত্যপণ্যের দাম বাড়েনি, যা জনগণকে বড় ধরনের স্বস্তি দিয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

“এবারের বাজেট কোনো গৎবাঁধা হিসাব নয়, এটি নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বোঝা লাঘব করার এবং অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি সুনির্দিষ্ট রূপরেখা।” — প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি আত্মসমালোচনামূলক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, “এই সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে ঐকমত্য ও কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জনগণের মধ্যে আমরা আশার সঞ্চার করতে পেরেছি। তবে আমরা সংসদে যতটা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, এর চেয়ে বেশি অতীত নিয়ে কথা বলেছি। অথচ জনগণ চায় আমরা যেন ভবিষ্যৎ নিয়ে কথা বলি।”

বিগত সরকারের উন্নয়ন দর্শনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বিপুল বিদেশি ঋণের বোঝা চাপিয়েছে বিগত সরকার। এই অশুভ বোঝা দেশের জনগণকে আরও অনেক বছর টানতে হবে।”

এই সংকট থেকে উত্তরণে বর্তমান সরকারের নতুন অর্থনৈতিক দর্শন ব্যক্ত করে তিনি বলেন, ঋণনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে এসে উৎপাদনভিত্তিক বিনিয়োগের ওপর জোর দেওয়া হবে। জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করতে উন্নয়ন বাজেট ইতিমধ্যে ৫০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।

এমন একটি রাষ্ট্রকাঠামো গড়ে তোলা হবে যেখানে তরুণরা চাকরির পেছনে না ছুটে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবে।

বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকাকে গতিশীল করাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মূল চালিকাশক্তি বলে পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।