বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদু্যতিক শর্টসার্কিট থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় গুরুত্বর শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তাঁর স্ত্রী নাইমা ইমরান। বর্তমানে তাঁরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হলেও দুজনের শারীরিক অবস্থাই এখন ঝুঁকিমুক্ত ও স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে একটি প্রশাসনিক বার্তার মাধ্যমে মর্মান্তিক এই দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনের ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা ভবনের ভেতরের অংশে ছড়িয়ে পড়ে এবং পুরো বাসা ঘন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
অগ্নিকাণ্ডের পর বাসভবনে আটকা পড়ে হাইকমিশনার ও তাঁর স্ত্রী বিষাক্ত ধোঁয়া ফুসফুসে প্রবেশ করায় গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরবর্তীতে সকাল ৯টার দিকে দ্রুততার সাথে তাঁদের উদ্ধার করে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসার স্বার্থে তাঁদের সরাসরি আইসিইউতে (ICU) নেওয়া হয়। বর্তমানে প্রখ্যাত চিকিৎসক ডা. আমিনা সুলতানার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চলছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে সরাসরি শরীরের কোনো অংশ মারাত্মকভাবে দগ্ধ না হলেও প্রধানত ধোঁয়াজনিত শ্বাসকষ্টের কারণেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।
এদিকে ভোরের এই অগ্নিকাণ্ডে বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ফায়ার সার্ভিস কত দ্রুত সময়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার সার্বিক কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

