বাংলাদেশ প্রতিবেদকঃ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণের পর পরই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত বিশেষ আনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক উচ্চপদস্থ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাওয়া নতুন চার সদস্য হলেন, ড. আবদুল মঈন খান এমপি (স্থায়ী কমিটির সদস্য, বিএনপি), ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এমপি (চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি), সাচিং প্রু জেরী, এমপি (বান্দরবান সংসদীয় আসন থেকে নির্বাচিত), মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি (গাইবান্ধা-৪ আসন)
নিয়োগের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল ও দপ্তর পুনর্বণ্টনের সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্র জানিয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন কিংবা নতুন পুনর্বণ্টন হতে পারে।
এর আগে একই স্থানে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান কেন্দ্র করে সেজেছে বঙ্গভবনের দরবার হল।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দেশি-বিদেশি আমন্ত্রিত প্রায় ১২ শতাধিক অতিথির উপস্থিতিতে রাষ্ট্রপতির অভিষেকের পরপরই নতুন চার মন্ত্রী শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।

