
বাংলাদেশ প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্গম চরাঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘র্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬’ লাভ করেছেন বাংলাদেশের রুনা খান। তিনি আন্তর্জাতিক সামাজিক কল্যাণ সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।
সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের ম্যানিলা থেকে র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ৬৮তম আসরের বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের ১১৯তম জন্মবার্ষিকীতে এ সম্মাননা প্রকাশ করা হয়।
‘এশিয়ার নোবেল’ হিসেবে খ্যাত এই পুরস্কারে এ বছর রুনা খানের সাথে সম্মানিত হয়েছেন আরও দুই আন্তর্জাতিক ব্যক্তিত্ব তারা হলেন, রুনা খান (বাংলাদেশ) প্রান্তিক, জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সমন্বিত স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং টেকসই জীবিকার সুযোগ পৌঁছে দেওয়ার জন্য। টমি কোহ (সিঙ্গাপুর) প্রখ্যাত আন্তর্জাতিক কূটনীতিক, আইনজীবী ও লেখক; আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য। বো চি (মিয়ানমার) মিয়ানমারের প্রখ্যাত মানবাধিকারকর্মী; রাজনৈতিক বন্দীদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের জন্য।
২০০২ সালে রুনা খানের হাত ধরে যাত্রা শুরু করে ‘ফ্রেন্ডশিপ’। দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি নদীভিত্তিক চরাঞ্চল ও উপকূলীয় দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে এবং ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চলে ভাসমান লাইফবয় ও অন্যান্য হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন লাখ লাখ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে ফ্রেন্ডশিপ, তাছাড়া পরিবেশগত সংকট, চরম দারিদ্র্য ও সামাজিক বৈষম্য মোকাবিলায় সংস্থাটি শিক্ষা, দূর্যোগ ব্যবস্থাপনা, আইনি সহায়তা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মডেল তৈরি করেছে।
সংস্থাটির উদ্দেশ্য এমন একটি সমাজ গঠন করা যেখানে সবচেয়ে পিছিয়ে থাকা মানুষও মর্যাদা ও আশার সাথে সমান সুযোগ নিয়ে বাঁচতে পারে।
১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় নিহত হন ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাই। একই বছর প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি ১৯৫৮ সাল থেকে এই সম্মাননা প্রদান করে আসছে। আগে ছয়টি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হলেও ২০০৯ সাল থেকে ক্যাটাগরি প্রথা তুলে দিয়ে সর্বজনীন মানবিক অবদানকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
আগামী ১৫ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত ঐতিহাসিক মেট্রোপলিটন থিয়েটারে এক বর্ণাঢ্য অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে।
বাংলাদেশের চরাঞ্চলের মানুষের জন্য উদ্ভাবনী স্বাস্থ্য ও সমাজসেবার যে মডেল রুনা খান তুলে ধরেছেন, তা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করল।
