বিশেষ প্রতিনিধিঃ দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। বিশেষ করে ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসায় প্রিসিশন মেডিসিন এবং জিনোম সিকোয়েন্সিংয়ের সুবিধা পুরোপুরি কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লোট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান সচিব বলেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলেও তার যথাযথ ব্যবহার হচ্ছে না। ডায়াগনোসিস ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাসেবা চালু করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বমানের আঞ্চলিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, প্রতিরোধমূলক ও সুনির্দিষ্ট চিকিৎসাব্যবস্থার পাশাপাশি দেশের তরুণ প্রজন্ম ও মেধাবী চিকিৎসকদের কাজে লাগিয়ে নতুন ওষুধ উদ্ভাবন এবং শিল্পের বিকাশ ঘটাতে হবে। যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে স্বল্প খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ উৎপাদন সম্ভব। এসব ওষুধ ও সেবা দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে।
তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির যথাযথ প্রয়োগে দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কমিশনের মানবসম্পদ বিভাগের পরিচালক এ. এস. এম. হাবিব উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।
উল্লেখ্য, ৩৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এ প্রশিক্ষণ কোর্স আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।

