বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান জানান, বিএনপি আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছে এবং এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা আশা করি, জনগণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ভোটের মাধ্যমে স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পাবে।”
এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় আকারের নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি উল্লেখ করেন, বিগত কয়েকটি নির্বাচনে ইইউ পর্যবেক্ষক না পাঠালেও এবার তাদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।
বৈঠকে বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। ইইউ প্রতিনিধিরাও ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। এছাড়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, আন্তর্জাতিক সম্প্রদায় তাকে পূর্ণ সমর্থন দেবে বলে বিএনপি আশা প্রকাশ করে।
বিএনপি শুরু থেকেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, “তারেক রহমান বিদেশ থেকে ফিরেই তার প্রথম জনসভায় ‘শান্তি ও সমঝোতা’—এই দুটি শব্দের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যা আমাদের রাজনৈতিক দর্শনের প্রতিফলন।”
বৈঠকে শ্রমিকদের কল্যাণে বিএনপির অতীত ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়। প্রতিনিধি দলকে জানানো হয় যে, বেগম খালেদা জিয়ার শাসনামলেই শ্রম আইন সংশোধন ও লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। ভবিষ্যতে শ্রম আইন আধুনিকায়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান জানান, নির্বাচনী ব্যস্ততা ও সময়ের ওপর ভিত্তি করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

