চাঁদাবাজদের রুখতে নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘ডিজিটাল হুলিয়া’: আসছে ‘চাঁদাবাজ ডটকম’

0
চাঁদাবাজদের রুখতে নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘ডিজিটাল হুলিয়া’: আসছে ‘চাঁদাবাজ ডটকম’

বাংলাদেশ প্রতিবেদকঃ নির্বাচনী প্রচারণায় এবার এক ব্যতিক্রমী ডিজিটাল দাওয়াই নিয়ে হাজির হলেন ঢাকা-৮ আসনের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে তিনি ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামক একটি বিশেষ ওয়েবসাইট ও জাতীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে এই অভিনব উদ্যোগের কথা জানাতে দেখা যায়।

নাসিরউদ্দীন পাটোয়ারী জানান, এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হবে চাঁদাবাজদের তথ্যভাণ্ডার গড়ে তোলা। নাগরিকরা যাতে নির্ভয়ে অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিতে পারেন, সেজন্য তথ্যের গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়:

“আমরা ‘চাঁদাবাজ ডটকম’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করছি। যেখানে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দুর্নীতির প্রমাণ বা ডকুমেন্ট আপনারা ইনপুট দিতে পারবেন। যারা তথ্য দেবেন, তাদের পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখবো।”

শুধুমাত্র তথ্য সংগ্রহই নয়, সংগৃহীত তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছেন এই প্রার্থী। তিনি জানান, প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সামাজিকভাবে বয়কট ও রাজনৈতিকভাবে কোণঠাসা করা হবে। নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন,

“আমাদের কাছে যখন একগাদা প্রমাণ থাকবে, তখন আমরা সরাসরি ওদের (চাঁদাবাজদের) সামনে গিয়ে বলবো—এই দেখুন আপনার কুকীর্তির প্রমাণ। এখন সম্মান থাকতে রাজনীতি ছেড়ে বিদায় হন।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের ভোটারদের মাঝে এই ঘোষণা বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। নাসিরউদ্দীন পাটোয়ারী নিশ্চিত করেছেন যে, অতি শীঘ্রই জনসাধারণের জন্য এই ওয়েবসাইট ও জাতীয় হটলাইনটি উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রযুক্তি ও সাহসের সমন্বয়ে এই ‘ডিজিটাল হুলিয়া’ মাঠ পর্যায়ের চাঁদাবাজি কমাতে কতটুকু কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।