১১ দলীয় জোটের আসন বণ্টন সম্পন্ন: ১৭৯টিতে জামায়াত, চরমোনাইর জন্য অপেক্ষা

0
১১ দলীয় জোটের আসন বণ্টন সম্পন্ন: ১৭৯টিতে জামায়াত, চরমোনাইর জন্য অপেক্ষা

বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। জোটের শরিক ৮টি দলের মধ্যে প্রাথমিকভাবে ২৫৩টি আসন বণ্টন করা হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশকে (চরমোনাই) জোটে ভেড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় রয়েছে বাকি ১০ দল।

ঘোষিত সমঝোতা অনুযায়ী, জোটের প্রধান শক্তি জামায়াতে ইসলামী ১৭৯টি আসনেপ্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যান্য শরিকদের মধ্যে আসন বণ্টন নিম্নরূপ: জামায়াতে ইসলামী,১৭৯ এনসিপি,৩০ বাংলাদেশ খেলাফত মজলিস,২০ খেলাফত মজলিস,১০ এলডিপি,০৭ এবি পার্টি,০৩ নেজামে ইসলাম পার্টি,০২ বিডিপি,০২

জোট সূত্রে জানা গেছে, বাকি ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য তুলে রাখা হয়েছে। তবে চরমোনাইর পীর সাহেবের দল শেষ পর্যন্ত এই সমঝোতায় না এলে, ওই আসনগুলোতে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই অংশ নিতে পারেন।

উল্লেখ্য যে, সমঝোতার তালিকায় থাকলেও জাগপা ও খেলাফত আন্দোলনের জন্য নির্দিষ্ট কোনো আসন আপাতত ঘোষণা করা হয়নি। তবে দল দুটি ২ থেকে ৩টি করে আসন পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।

আসন বণ্টনের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আমরা আপাতত ২৫০টির মতো আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছি। শরিকদের সাথে ঐকমত্যের ভিত্তিতেই এই বণ্টন প্রক্রিয়া চলছে এবং বাকিদের সাথেও দ্রুত সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

ইসলামী আন্দোলনের অনুপস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, জোটে কোনো ভাঙনের সম্ভাবনা নেই। তিনি বলেন, “ইসলামী আন্দোলন নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বোঝাপড়া করছে। আশা করি, দ্রুতই তারা আমাদের সাথে পূর্ণোদ্যমে যুক্ত হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এই জোটে যোগ দিলে নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।