জোটের সমীকরণ ভেঙে ২৬৮ আসনে ‘একলা চলো’ নীতিতে চরমোনাই পীরের দল

0
জোটের সমীকরণ ভেঙে ২৬৮ আসনে ‘একলা চলো’ নীতিতে চরমোনাই পীরের দল

বাংলাদেশ প্রতিবেদকঃ নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের চমক দেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রত্যাখ্যান করে এককভাবে ২৬৮টি আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের এই দল।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলত জামায়াতে ইসলামীর সাথে আসন বণ্টন ও জোটে তাদের নিরঙ্কুশ কর্তৃত্ব নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। যদিও শুরুতে ইসলামী আন্দোলনই ‘ইসলামী ভোটের এক বাক্স’ নীতির প্রস্তাব তুলেছিল এবং জামায়াতসহ ৮ দলের সমন্বয়ে জোট গঠনে প্রধান ভূমিকা রেখেছিল। পরবর্তীতে এনসিপি ও এবি পার্টিসহ মোট ১১টি দল এই জোটে যুক্ত হয়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “আমরা দেশের ২৭০টি আসনে প্রার্থী দিয়েছিলাম। এর মধ্যে যাচাই-বাছাইয়ে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে আমাদের প্রার্থীরা এখন পূর্ণশক্তি নিয়ে নির্বাচনী মাঠে লড়বেন।”

উল্লেখ্য, গত বুধবার জোটের আসন সমঝোতার ঘোষণা দেওয়ার কথা থাকলেও ইসলামী আন্দোলনের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। এরপর গতকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে জোটগত প্রার্থী ঘোষণা করলে দুই পক্ষের দূরত্ব চূড়ান্ত রূপ নেয়।

বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত ও এনসিপি’র নেতৃত্বাধীন জোটের সাথে সমঝোতা না হওয়াতে নির্বাচনী সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ভোটের মাঠে নামায় অনেক আসনেই এখন বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে দলটি স্পষ্ট করেছে যে, তারা কোনো ধরনের সমঝোতায় না গিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির পরীক্ষায় নামতে যাচ্ছে।