বিকাশ নম্বর সংগ্রহ ও ব্যালটে ত্রুটি: ইসির নিরপেক্ষতা নিয়ে ফখরুলের প্রশ্ন

0
বিকাশ নম্বর সংগ্রহ ও ব্যালটে ত্রুটি: ইসির নিরপেক্ষতা নিয়ে ফখরুলের প্রশ্ন

বাংলাদেশ প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা এবং মাঠ পর্যায়ের শৃঙ্খলা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, জামায়াত ইসলামীর প্রার্থীরা সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এছাড়া বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীকের সঠিক বিন্যাস না থাকাকে একটি ‘বিশেষ দলকে’ সুবিধা দেওয়ার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন তিনি।

রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতের প্রার্থীরা ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছেন। আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ কমিশনের কাছে জমা দিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা নির্বাচনী আচরণবিধির চরম পরিপন্থী।” এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে কি না, তা খতিয়ে দেখতে কমিশনকে আহ্বান জানান তিনি।

বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, “পোস্টাল ব্যালটে প্রতীকের বিন্যাস সঠিকভাবে করা হয়নি। আমরা মনে করি, এটি কোনো ভুল নয় বরং একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।” দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণের ক্ষেত্রে অবশ্যই প্রতীক বরাদ্দের পর তা সম্পন্ন করার দাবি জানান তিনি।

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে মির্জা ফখরুল বলেন, “বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি, কিন্তু তাদের কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ এবং অব্যবস্থাপনা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।” অনেক দল প্রচার-প্রচারণায় আচরণবিধি মানছে না উল্লেখ করে তিনি কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।

বিকেল ৪টা ৪৫ মিনিটে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সিইসির কার্যালয়ে প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন:

নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য। ইসমাইল জবিউল্লাহ, উপদেষ্টা পরিষদের সদস্য। মোহাম্মদ জকরিয়া, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে কমিশনকে অবিলম্বে এসব সমস্যা সমাধান করতে হবে।