ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ৫ জন, ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনে ৬ জন, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে ৪ জন এবং ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের ৪টি ইউনিয়ন) আসনে ৬ জন প্রার্থী ভোটের মাঠে লড়বেন।
বিএনপি, ১০ দলীয় জোট, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, সিপিবি, গণফোরাম, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন।
এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

