মুলাদী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন কারাবন্দী গোলাম কিবরিয়া টিপু। বাবার অনুপস্থিতিতে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তার মেয়ে হাবিবা কিবরিয়া। তিনি গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় মুলাদীতে জাতীয় পার্টি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী লড়াই শুরু করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হারুন অর রশিদ খান। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, বরিশাল জেলা যুবসমাজ সভাপতি নজরুল ইসলাম হেমায়েত, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেন সরদার, উপজেলা জাতীয় পার্টির নেতা সেলিম আহমেদ চৌকিদার, কুতুব উদ্দিন চৌকিদার প্রমুখ।
হাবিবা কিবরিয়া বলেন, এটা শুধু নির্বাচনী লড়াই নয়, একজন বাবার ন্যায়ের জন্য মেয়ের যুদ্ধ। এই যুদ্ধে মুলাদী-বাবুগঞ্জের সাধারণ মানুষ অংশ নেবে। বিনা বিচারে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী রাখা হয়েছে বলে অভিযোগ করে হাবিবা কিবরিয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটে টিপুকে এমপি নির্বাচিত করে কারাগার থেকে মুক্ত করা হবে।

