সিলেটে জনসমুদ্র: শাহজালালের মাজার জিয়ারত শেষে বিএনপির নির্বাচনী প্রচারণার তূর্যধ্বনি

0
সিলেটে জনসমুদ্র: শাহজালালের মাজার জিয়ারত শেষে বিএনপির নির্বাচনী প্রচারণার তূর্যধ্বনি

বাংলাদেশ প্রতিবেদকঃ আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ আজ পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে পুরো সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচনী দিকনির্দেশনা দেবেন। এর আগে গতকাল বুধবার রাত ৮টায় তিনি আকাশপথে সিলেটে পৌঁছান। সিলেটে পা রেখেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন।

আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল: সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আলিয়া মাদ্রাসা মাঠ। দেশের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা বুধবার রাত থেকেই শামিয়ানা ও ত্রিপল টাঙিয়ে মাঠে অবস্থান নেন। মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট; রঙিন গেঞ্জি, ধানের শীষের প্রতিকৃতি এবং দলীয় ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে রাজপথ।

সমাবেশের বিশেষ দিকসমূহ: নেতৃত্ব: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবেগঘন পরিবেশ: এর আগে তারেক রহমান দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জুবাইদা রহমানের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নির্বাচনী লক্ষ্য: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ থেকে বিএনপি তাদের মূল নির্বাচনী ইশতেহারের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছে।

জনসভায় আসা নেতাকর্মীরা জানান, সিলেটে তারেক রহমানের আগমনে তারা নতুন করে প্রাণশক্তি ফিরে পেয়েছেন। খণ্ড খণ্ড মিছিলে ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা সমাবেশস্থল। বেলা ১১টার দিকে তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা থাকলেও কর্মসূচীর ব্যস্ততায় মঞ্চে এসে পৌছান ১২টা ২৫ মিনিটে। মঞ্চ উঠে তিনি হাত নেরে উপস্থিত নেতা করমীদের অভিবাদন গ্রহণ করেন। কিছুক্ষনের মধ্যে তার বক্তব্য দিবেন, যা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাখো জনতা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা বিএনপির একটি কৌশলগত সিদ্ধান্ত, যা তৃণমূল নেতাকর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।