দিল্লি-পিন্ডি নয়, বিএনপির ঠিকানা এদেশের মাটি: শায়েস্তাগঞ্জে তারেক রহমানের হুঁশিয়ারি

0
দিল্লি-পিন্ডি নয়, বিএনপির ঠিকানা এদেশের মাটি: শায়েস্তাগঞ্জে তারেক রহমানের হুঁশিয়ারি

বাংলাদেশ প্রতিবেদক: “কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি—কিন্তু বিএনপি সবসময়ই এদেশের মানুষের পাশে অটল থাকে।” বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় এভাবেই রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র আক্রমণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ১২ জানুয়ারির জাতীয় নির্বাচনকে ‘রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন’ আখ্যা দিয়ে তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর ধরে নির্বাচনের নামে জনগণের সঙ্গে যে ‘গণতান্ত্রিক প্রতারণা’ করা হয়েছে, তার অবসান ঘটানোর সময় এসেছে।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নেতাদের দেশত্যাগের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা অতীতে দেখেছি কেউ বিপদে পড়লে পাশের দেশে আশ্রয় নেয়। আবার গতকালও দেখেছি এক ব্যক্তি পিন্ডিতে পালিয়ে গেছেন। যারা ষড়যন্ত্র করছে, বিকাশ বা এনআইডি নম্বর নিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে, তারা আসলে জনগণের বন্ধু নয়।”

বিপরীতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়া মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে এদেশের মানুষের জন্য লড়াই করেছেন, কিন্তু দেশ ছেড়ে কোথাও যাননি।”

জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষে তারেক রহমান বিএনপির পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ রূপরেখা তুলে ধরেন:

ফ্যামিলি কার্ড: বিএনপি নির্বাচিত হলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যা মা-বোনদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে।

দুর্নীতিমুক্ত প্রশাসন: ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন তিনি।

ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা: ১৫ বছরের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠার ডাক দেন।

বক্তব্যে তিনি একটি গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এখন প্রবাসী ভোটারদের ‘পোস্টাল ব্যালট’ দখলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও ষড়যন্ত্রে লিপ্ত। জনগণকে সচেতন থাকতে হবে, কারণ ভোটের সুযোগ নষ্ট হলে দেশের সামনে ঘোর বিপদ।”

পরিশেষে তারেক রহমান বলেন, দেশে সৎ মানুষের শাসন কায়েম করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। তিনি দেশবাসীকে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার নিশ্চিত করার আহ্বান জানান।