যুবকদের প্রস্তুত থাকার আহ্বান, আবু সাঈদসহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব-রংপুরে ডা. শফিকুর রহমান

0
যুবকদের প্রস্তুত থাকার আহ্বান, আবু সাঈদসহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব-রংপুরে ডা. শফিকুর রহমান

জয়নাল আবেদীন: আবু সাঈদের বাড়ির উঠানে দাড়িয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আবু সাঈদসহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব।

জনগণের আকাংখা পূরণে আমরা ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশ্যে আমিরে জামায়ত বলেন, যুবকদের কথা দিচ্ছি আল্লাহ আমাদের তাওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। এই সমাজের চাবি এবং নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদেরকে শক্তি ও সাহস যোগাব।

তোমাদেরকে সমর্থন ও ভালোবাসা দিয়ে যাব। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন । জামায়াত আমির আগামী নির্বাচনে কাংখিত ফল ঘরে তুলতে যুবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তোমরা তৈরি হও আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক, তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দেবে। কেউ যেন তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে এজন্য জুলাই যোদ্ধা হয়ে তোমাদেরকে আরেকবার লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।

আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা তা করতে পারবে। আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে তার কাজ কেবল শুরু হয়েছে এখনো শেষ হয়নি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলে মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত-শিবিরের নেতারা।জিয়ারত শেষে প্রয়াত সাঈদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আমিরে জামায়াত।

তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দেন তিনি।