ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

0
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বাংলাদেশ প্রতিবেদকঃ ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে উত্তাপের মধ্যেই হামলার শিকার হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলে এই হামলার ঘটনা ঘটে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহর দেওয়া তথ্যমতে, দুপুর আনুমানিক ১২টার দিকে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়। এই ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য যে, গত শনিবার (২৪ জানুয়ারি) টানা গণসংযোগ শেষে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এই প্রার্থী। কয়েক দিন বিশ্রাম নেওয়ার পর সুস্থ হয়ে পুনরায় প্রচারণায় ফেরার পরপরই এই অনাকাঙ্ক্ষিত হামলার মুখে পড়লেন তিনি।

হামলার আগে শান্তিনগর বাজারে এক গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন:

“চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করব।”

এদিনের হামলায় তাঁর পরবর্তী নির্ধারিত কর্মসূচিসমূহ বাধাগ্রস্ত হয়েছে। আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পলওয়েল মার্কেট, নয়াপল্টন ও গুলিস্তান এলাকায় তাঁর ব্যাপক গণসংযোগ ও পথসভা করার কথা ছিল। তবে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অনেক কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।