রংপুরের জনসমুদ্রে ফখরুলের ঘোষণা: ‘তারেক রহমানই আমাদের ভাবী প্রধানমন্ত্রী’

0
রংপুরের জনসমুদ্রে ফখরুলের ঘোষণা: ‘তারেক রহমানই আমাদের ভাবী প্রধানমন্ত্রী’

জয়নাল আবেদীনঃ রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভার জনসমুদ্রকে সাক্ষী রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করেছেন। শুক্রবার রাতে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান এখন কেবল বিএনপির নেতা নন, তিনি ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আমাদের দিশারী, আমাদের কান্ডারি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া এই দেশ পুনর্গঠনে তারেক রহমানই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”

তারেক রহমানের দীর্ঘ নির্বাসন জীবনের অবসান এবং দেশের মানুষের প্রতি তার অঙ্গীকারের কথা উল্লেখ করে ফখরুল আরও বলেন, “তিনি আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা (I have a plan) দিয়েছেন। এই পরিকল্পনা কেবল বিএনপির নয়, এটি গোটা বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের সনদ।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “৭১-এর পরাজিত শক্তি এবং যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তারা আবারও সক্রিয় হয়েছে। তারা চায় এই নির্বাচন বানচাল করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু দেশের মানুষ জাগ্রত, কোনো অপশক্তিই জনগণের জয়যাত্রা রুখতে পারবে না।”

উল্লেখ্য, এই সমাবেশের আগেই তারেক রহমান রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটান। সমাবেশে মির্জা ফখরুল আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করে জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে রংপুর বিভাগের ৩৩টি আসনের প্রার্থীরা একত্রে উপস্থিত ছিলেন। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ধানের শীষের প্ল্যাকার্ড ও শ্লোগানে পুরো মাঠ প্রকম্পিত করে তোলেন। বিশেষ করে গাইবান্ধা থেকে আসা আব্দুল কাদের নামে এক সমর্থক ২০ কেজি ওজনের ধানের শীষ শরীরে জড়িয়ে সমাবেশে এসে সবার নজর কাড়েন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।

বক্তব্য শেষে মির্জা ফখরুল সমবেত জনতাকে সঙ্গে নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শ্লোগান দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের প্রস্তুতি নিতে বলেন।