উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১ নং উল্লাপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে এক বাখুয়া গ্রামের পাচজন নির্বাচন করতে চাইছেন। এদের মধ্যে চারজন বিএনপির রাজনীতিতে জড়িত আছেন। আর একজন হলেন মো. আতাউর রহমান। তিনি জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের সভাপতি পদে আছেন। জামায়াতে ইসলামী থেকে তাকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির চারজন হলেন – উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান মানু। তিনি উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. রইচ উদ্দিন সরকার হীরা , উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান বাবু ও উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন রানা।
বিএনপির রাজনীতিতে জড়িত চারজন ও জামায়াতে ইসলামীর আতাউর রহমান বংশীয় পরম্পরায় বাখুয়া গ্রামের বসতি। এরা ইউনিয়ন এলাকায় ভোটারদের সাথে আলাপ আলোচনা করছেন। এলাকায় যেখানে জনসমাবেশ সেখানেই যাচ্ছেন। এরই মধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাওয়া আজিজুর রহমান মানুর বিলবোর্ড লটকানো হয়েছে। এর আগে মিজানুর রহমান বাবুর বিলবোর্ড লাগানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহাজ্ব রইচ উদ্দিন সরকার হীরা ও আনোয়ার হোসেন রানা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন জানিয়ে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন, এরা এলাকার ভোটারদের সাথে কথা বলছেন।
জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমানকে দল থেকে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী জানিয়ে ইউনিয়ন এলাকায় তার বিলবোর্ড লাগানো হয়েছে।
বিএনপির আজিজুর রহমান মানু বলেন তিনি বিগত প্রায় সাড়ে আট বছর চেয়ারম্যান পদে ছিলেন। বিগত ২০১৬ সালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ধানের শীষ নিয়ে দলীয় প্রার্থী হয়েছিলেন। সেসময় নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নামতে পারেননি বলে জানান, তিনি এবারে দলীয় মনোনয়ন সমর্থন পাবেন বলে আশাবাদী।
উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু বলেছেন ইউনিয়ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কাছে দোয়া চাইছেন, তিনি আশাবাদী দলীয় মনোনয়ন সমর্থন পাবেন।
উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রইচ উদ্দিন সরকার হীরা বলেন তিনি দলীয় মনোনয়ন ও সমর্থন পেলে নির্বাচন করবেন | তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে জানান।
উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় ও গনসংযোগ করছেন। তিনি দলীয় মনোনয়ন সমর্থন পাবেন বলে আশার কথা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তকে তিনি মেনে নেবেন বলে জানান।

