বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মির্জা ফখরুল নিজেও বলছেন, রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোবাইল ফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাওয়া হয়, বিএনপির পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে কি না। জবাবে তিনি ঢাকা পোস্টকে বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।”
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অবস্থিত প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বেশি আলোচনায় রয়েছে। রাষ্ট্রপতির হওয়ার বিষয়ে মির্জা ফখরুলেরও কিছুটা আগ্রহ রয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত তার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
এর বাইরে বিএনপি পক্ষে রাষ্ট্রপতি হিসেবে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনা রয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক করে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে। ফলে শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, সে সিদ্ধান্ত একমাত্র তারেক রহমানই জানেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

