আজকের ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’তে নতুন চারজন নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং হাইকম্যান্ডের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের এই পদে মনোনীত করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
স্থায়ী কমিটিতে স্থান পাওয়া নতুন সদস্যরা হলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ (সিনিয়র যুগ্ম মহাসচিব) মো. আমান উল্লাহ আমান (চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক) ডা. ফরহাদ হালিম ডোনার (জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক) মো. ইসমাইল জবিউল্লাহ (চেয়ারপারসনের উপদেষ্টা)
বিএনপির সহকারী দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার লক্ষ্যেই স্থায়ী কমিটিতে এ রদবদল ও নতুন সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপির তরফ থেকে আশা প্রকাশ করা হয়, নবমনোনীত নেতারা তাঁদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার সমন্বয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও দেশের জনগণের স্বার্থে সুচিন্তিত মতামত প্রদান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে দৃশ্যমান অবদান রাখবেন।

