বর্ণাঢ্য র‍্যালি-আলোচনা সভায় তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
বর্ণাঢ্য র‍্যালি-আলোচনা সভায় তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি: স্লোগানে সরব রাজপথ,হাতে ব্যানার-ফেস্টুন আর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে তাহিরপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

তাহিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক।

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।