কটিয়াদী প্রতিনিধি: সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩০)নামেএক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। ১৮ই আগষ্ট মঙ্গলবার রাত্রে ডিউটিরত অবস্থায় সৌদি আরবের জিজান শহরের রাস্তায় একটি ট্যাঙ্কারের চাপায় রুবেল মিয়া মৃত্যুবরণ করেন।
রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার, আচমিতা ইউনিয়নের, মধ্যপাড়া গ্রামের, মোহাম্মদ কাজল বেপারীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায় পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর নিকট থেকে ধারধানা করে, আনুমানিক এক বছর পূর্বে রুবেল মিয়া সৌদি আরবে যান। সেখানে তিনি ফ্রি ভিসায় বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রুবেলের বন্ধু রানা জানান, ১৮ই আগষ্ট মঙ্গলবার রাতে জিজান শহরে তার কর্মস্থলে ডিউটি রত অবস্থায় একটি ট্যাঙ্কার রুবেল কি চাপা দেয় এবং সেখানেই সে মৃত্যুবরণ করেন। বুধবার ১৯শে আগস্ট রুবেলের মৃত্যুর খবর দেশে পৌঁছার পর তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে, তার স্ত্রী সন্তান এবং বৃদ্ধ পিতা-মাতা এখন চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
নিহত রুবেলের স্ত্রী রিমা আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন আমার স্বামী আর কোনদিন ফিরে আসবে না। এই অপ্রিয় সত্য কথাটি মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন। সরকারের নিকট আমার অনুরোধ, আমার স্বামীর লাশটা যেন সরকার দ্রুত দেশে ফিরে এনে শেষবারের মতো যেন তার মুখটা আমরা দেখতে পারি।

