পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

0
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদকঃ টান টান উত্তেজনা তৈরি হয়েছিল। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। বোলিংয়ে এসেছিলেন হারিস রউফ। তাঁর ৪ বলেই ১৩ রান নিলেন তিলক বর্মা ও রিংকু সিং।

১৪৬ রানকেও ভারতের সামনে দুর্বোধ্য বানিয়ে ফেলেছিল পাকিস্তান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু এই শেষ ওভারেই হারিস রউফের বলে সব শেষ করে দিলেন তিলক বার্মা। যিনি অটল পাহাড়ের মত দাঁড়িয়েছিলেন পাকিস্তানি বোলারদের সামনে। এশিয়া কাপের শিরোপা নবমবারের মতো ঘরে তুলতে শেষ ২ ওভারে ভারতের দরকার ছিল ১৭ রান, হাতে তখনো ৬ উইকেট। ম্যাচ যখন অনেকটাই ভারতের হাতের মুঠোয় তখন ১৯তম ওভারে মাত্র ৭ রান দিয়ে শিভাম দুবের উইকেট তুলে নেন ফাহিম আশরাফ। তবে শেষ ওভারে তেমন কিছু পারলেন না হারিস রউফ। ম্যাচ জুড়ে শান্ত অথচ ভীষণ কার্যকরী তিলক ভার্মার কাছে হেরে গেলেন হারিস, হেরে গেল পাকিস্তান।

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমেছিল পাকিস্তান ও ভারত। টুর্নামেন্টের আগের দুই ম্যাচের মতো ফাইনালেও সেই হারই হজম করতে হলো পাকিস্তানকে। আর ঘরে নবম শিরোপা ঘরে তুলল ভারত। ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নামা ভারত শিরোপা জিতল ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই।

মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই প্রবল চাপে পড়ে যায় ভারত। ২০ রান তুলতেই তারা হারিয়ে বসে টপ অর্ডারের তিন ব্যাটার অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিলকে। বল হাতে আগুন ঝড়ান শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ। তবে এরপর শান্ত ব্যাটিংয়ে দলকে ভিত্তি এনে দেন তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। ৫৯ বলে ৫৭ রান যোগ করেন তারা। দলীয় ৭৭ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন স্যামসন (২১ বলে ২৪)।

স্যামসন আউট হলেও ওয়ানডে স্টাইলে শিভাম দুবেকে নিয়ে রানের চাকা এগিয়ে নেন তিলক। এক পর্যায়ে বাড়ান রানের গতি। তাতে হতাশ হয়ে পড়ে পাকিস্তানের বোলাররা। শেষ পর্যন্ত তিলকের কাছে পরাস্তই হতে হয় পাকিস্তানের বোলারদের। শেষ পর্যন্ত উইকেটে থেকে ৫৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিলক। ৩টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান তিনি। ছয়ে নেমে ২২ বলে ৩৩ রানের ভীষণ কার্যকরী ইনিংস খেলেন দুবে।

এর আগে, অবিশ্বাস্য ব্যাটিং ধসের পর ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ৮৭ রান করে ফেলে দলটি। সবার যখন ধারণা দুই শ’র আশেপাশে রান করে ফেলবে পাকিস্তান, তখনই মড়ক শুরু হয়। অলআউট হয় নির্ধারিত ২০ ওভারের ৫ বল আগেই।