আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠে বল গড়ানোর আগেই গ্যালারির বাইরের উন্মাদনা রূপ নিল চরম সহিংসতায়। গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগেই নিউ ইয়র্কের ঐতিহাসিক ও ব্যস্ততম ‘টাইমস স্কয়ার’-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকান পরাশক্তি আলজেরিয়ার সমর্থকদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত হাতাহাতি ও মারামারির ঘটনাটি স্প্যানিশ ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ‘২০২৬ বিশ্বকাপের প্রথম বড় ফ্যান-সহিংসতা’ হিসেবে আখ্যায়িত হয়েছে।
জানা গেছে, নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের কেন্দ্রস্থলে আর্জেন্টিনার সমর্থকেরা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরে এবং জাতীয় পতাকা নিয়ে ‘বান্দেরাজো’ (বিশাল পতাকা প্রদর্শনী কর্মসূচি) পালন করতে জড়ো হয়েছিলেন। ঠিক একই সময়ে সেখানে আলজেরিয়া এবং ফ্রান্সের হাজার হাজার সমর্থকও উপস্থিত হন।
শুরুতে পরিবেশটি বেশ উৎসবমুখর ছিল—উভয় পক্ষের সমর্থকেরা নিজেদের দলের পক্ষে স্লোগান দিচ্ছিলেন এবং জাতীয় সংগীত গাইছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেই উল্লাস রূপ নেয় প্রতিপক্ষকে বিদ্রুপে। দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, আপত্তিকর স্লোগান এবং অশালীন ইঙ্গিত প্রদর্শন শুরু হলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। মৌখিক লড়াই মুহূর্তের মধ্যে রূপ নেয় শারীরিক সংঘাত ও হাতাহাতিতে।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড (TMZ) এবং এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, টাইমস স্কয়ারের জমকালো বিলবোর্ডের নিচে দুই দেশের সমর্থকেরা একে অপরকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারছেন এবং তীব্র ধাক্কাধাক্কি করছেন। হঠাৎ ঘটে যাওয়া এই মারামারির কারণে টাইমস স্কয়ারে আসা সাধারণ পর্যটক ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ আশ্রয়ের জন্য দিগ্বিদিক দৌড়াদৌড়ি শুরু করেন।
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) একটি বিশাল দল। পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে এবং মারমুখী সমর্থকদের ছত্রভঙ্গ করে দিয়ে দুপক্ষকে আলাদা করে। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি—দাঙ্গা ও আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে। তবে এই সংঘর্ষে বড় ধরনের কোনো হতাহতের বা অফিশিয়ালি কাউকে গ্রেফতারের খবর এখনো নিশ্চিত করেনি নিউইয়র্ক পুলিশ।
মাঠের বাইরের এই চরম উত্তেজনার আবহেই কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ও আলজেরিয়া। লিওনেল মেসির হাত ধরে বিশ্বচ্যাম্পিয়নদের এবারের মিশন শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে নিউইয়র্কের রাস্তায় এমন অপ্রীতিকর ঘটনা ফুটবল বিশ্বের পরিবেশকে কিছুটা থমথমে করে তুলেছে। ইতিপূর্বে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ফুটবলার ও সমর্থকদের শান্ত থাকার এবং ফুটবলের মাধ্যমে বিভেদ না বাড়িয়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন।

