রাশিয়া আমাদের নিশ্চিহ্ন করতে চায়: জেলেনস্কি

0

বাংলাদেশ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্টের মতে রাশিয়ার মূল লক্ষ্য হলো ইউক্রেনকে নিশ্চিহ্ন করে দেয়া। বুধবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তারা (রাশিয়ানরা) ইউক্রেনের রাজধানী কিয়েভ সম্পর্কে কিছুই জানে না। তারা আমাদের (ইউক্রেনের) ইতিহাস জানে না। কিন্তু, তাদেরকে বলা হয়েছে আমাদের ইতিহাস, দেশসহ সবকিছু ধ্বংস করে দেয়ার জন্য।

এ সময় ভলোদিমির জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনে রাশিয়া কর্তৃক ছয় দিনের আক্রমণের পর ছয় হাজার রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, ইউক্রেনে বোমা হামলা ও বিমান আক্রমণের মাধ্যমে রাশিয়া দেশটিকে দখল করতে পারবে না।

ছয় হাজার রুশ সেনা নিহত হওয়ার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের এমন বিবৃতির সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকি আল-জাজিরাও জেলেনস্কির এমন দাবি নিয়ে সন্দিহান।

এছাড়া এক ভিডিও বিবৃতিতে জেলেনস্কি বলেন, মঙ্গলবার রাশিয়া কিয়েভের একটি হলোকাস্ট মেমোরিয়াল কমপ্লেক্সে হামলা চালায়। এতে এ বিষয়টা প্রমাণিত হয়েছে যে অনেক রাশিয়ানদের জন্য কিয়েভ হলো বিদেশী এক শহর।

সূত্র : আল-জাজিরা