মেহেন্দীগঞ্জে পাওনা টাকা না পেয়ে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ, স্পর্শকাতর স্থানে কামড়ে জখম

0

বাংলাদেশ প্রতিবেদক: বরিশালের মেহেন্দীগঞ্জে স্বামীর কাছে টাকা পাওয়ার অজুহাতে গৃহবধুকে ডেকে নিয়ে ধর্ষণ ও দিনভর স্পর্শকাতর স্থানে কামড়ে জখম করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল ১০টায় মেহেন্দীগঞ্জের কাজিরহাট এলাকার ভঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। ভঙ্গা গ্রামের জাকির হোসেন সরদারের ছেলে সোহাগ সরদার ওই গৃহবধুকে ধর্ষণ ও নির্যাতন করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

ঘটনার পর নির্যাতিতা গৃহবধু মুলাদী হাসপাতালে ভর্তি হলেও প্রভাবশালীরা তুলে নিয়ে গেছেন।

জানা গেছে, গৃহবধুর স্বামী কাজিরহাট ভঙ্গা গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকা ধার নেন। পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে গৃহবধুর স্বামী এলাকা ছেড়ে চলে যান। সোহাগ সরদার গৃহবধুর স্বামীর কাছে ১০ টাকা পাবে বলে দাবি করেন। কোরবানীর ঈদের পর থেকে সোহাগ সরদার ওই গৃহবধুকে তার স্বামীর কাছে পাওনা টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু অসহায় গৃহবধূ টাকা পরিশোধ করতে না পারায় শনিবার সকালে তাকে বাড়িতে ডেকে নেন।

গৃহবধূ জানান, পাওনা টাকার বিষয়ে কথা আছে বলে সোহাগ সরদার তাকে ঘরে ডেকে নেন। তিনি ঘরে যাওয়ার পর পরই সোহাগ দরজা বন্ধ করে দেয়। ঘরের মধ্যে কেউ না থাকায় সোহাগ তাঁর হাত ও মুখ বেঁধে একাধিক বার ধর্ষণ করে এবং শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে কামড়ে ও আঘাত করে অমানুষিক নির্যাতন চালায়। ওই দিন বিকেল ৪টার দিকে সোহাগ বাইরে গেলে কৌশলে গৃহবধূ পালিয়ে কাজিরহাট থানায় যান। সেখানে গৃহবধূ সোহাগ সরদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন এবং অসুস্থ্যতার কারণে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি হন।

গৃহবধূ আরও জানান, শনিবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সোহাগ সরদারের লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। গতকাল রোববার বিকেলে হাসপাতালে জনৈক নেছার উদ্দীনের সহযোগিতায় সোহাগের লোকজন সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংশা করার নামে গৃহবধূকে হাসপাতালে ভর্তি বাতিল করে তুলে নিয়ে যান। ঘটনার পর থেকে সোহাগ সরদার এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসা না দিয়ে অনৈতিক ভাবে ভর্তি বাতিল করা হলে সংশ্লিষ্টদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়ের আহমেদ জানান, আটকে রেখে নির্যাতনের ঘটনায় শনিবার সন্ধ্যায় গৃহবধূ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।