আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ- প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে আহত হয়েছে আরো চার জন। শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার শংকরহাটি গ্রামের সাত্তার শেখের ছেলে হোসেন শেখ (৫৫)। আহতরা হলেন, আমির, আশরাফ হোসেন, আরিফ শেখ, ও শিশু আছিয়া (৭)। এরা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সৌদিয়া, চাঁদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারটি মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের হোসেন শেখ (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, সকাল সসাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধুসেতু মহাসড়কে সরাতৈলে প্রাইভেটকার পিকআপের মুখোমুখী সংঘর্ষে হোসেন নামে এক যাত্রী নিহত হয়। আহত হয় আরো চারজন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

