শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন । এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি উপজেলার প্রান্তিক কৃষকদের মাথাপিছু ১ কেজি সরিষার বীজ , ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করেন।
জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, চিনা বাদাম ও খেসারির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সরিষার আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এবং মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। অনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যা করা হলে চলতি মৌসুমে শাহজাদপুরে সরিষার ভালো ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

