দিনে গরমের তীব্রতা রাতে শীত, পহেলা বৈশাখেও তীব্র দাবদাহে পুড়ছে ঈশ্বরদী

0

স্বপন কুমার কুন্ডু: চৈত্র পেরিয়ে বৈশাখের প্রথম দিনেও তীব্র তাপপবাহে পুড়ছে উত্তরাঞ্চলের প্রবেশ পথ বলে স্বীকৃত ঈশ্বরদী। এদিন ৪০ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিগত ৫ দিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, চৈত্রের শেষে শুরু হওয়া এ তাপমাত্রা প্রতিদিন বাড়ছে। তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা রয়েছে। আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ কমে যাওয়ায় প্রখর খাঁ খাঁ রোদ ও গরমের তীব্রতায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। এচাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেড়ে যাওয়ায় আবহাওয়ায় বৈপরিত্য সৃষ্টি হয়ে দিনে গরম আর রাতে শীত অনুভূত হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

রাত দশটার পর হতে ভোর পর্যন্ত শীতের কারণে রাতে গায়ে হালকা কিছু জড়িয়ে ঘুমাতে হচ্ছে। ঈশ্বরদীতে শীতের সময় তীব্র শীত। আবার গরমের সময় প্রচন্ড গরম। বিগত শীত মৌসুমে ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছিল। দেশে তীব্র শীত পড়ে এমন তিনটি স্থানের একটি ঈশ্বরদী। এখন আবার গরমেও রেকর্ড করে ঈশ্বরদী। গরমে হাঁসফাঁস আর শীতে কেন কাঁপা কাঁপির বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদরা বলছেন, ভূপ্রাকৃতিক কিছু কারণেই এ ঘটনা ঘটে। এরসাথে রয়েছে ঈশ্বরদীর ভৌগোলিক অবস্থান।