শাহজাদপুরে অবৈধভাবে খেয়াঘাট ইজারা দেয়ায় ইউএনওকে আদালতের শোকজ

0

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা (কৈজুরী – সোনাতনী) খেয়াঘাট অবৈধভাবে ইজারা দেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন সহ দুই জনকে শোকজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক সোহেল রানা এ আদেশ দেন। একই সঙ্গে আদালত অভিযোগের আপত্তি শুনানিকাল পর্যন্ত ওই খেয়াঘাটের ইজারা কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন।

শোকজ পাওয়া অপর ব্যক্তি হলেন, উপজেলার ভাটপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে সাইফুল ইসলাম মাঝি। আদালত আগামী দুই কর্মদিবসের মধ্যে অভিযুক্তদের শোকজের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন । শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. আমিরুল মোমেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার গুপিয়াখালি গ্রামের মোজাহার আলির ছেলে আবু বক্কার সিদ্দিকের দায়ের করা মামলা ( মামলা নম্বর ১২৩/২০২৩) শুনানী শেষে আদালত উপজেলা নির্বাহী অফিসার সহ দুজনকে শোকজের আদেশ দিয়েছেন। এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, তার মক্কেল আবু বক্কার সিদ্দিক ইজারা বিজ্ঞপ্তির সকল শর্ত মেনে ১৪ লাখ ১০ হাজার টাকার দরপত্র দাখিল করে প্রথম দরদাতা হিসেবে বিবেচিত হন। অন্যদিকে ভাটপাড়া গ্রামের সাইফুল ইসলাম মাঝি ১২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা দরপত্র দাখিল করে দ্বিতীয় দরদাতা হন।

কিন্তু শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বিধিবহির্ভূত ভাবে প্রথম দরদাতা আবু বক্কার সিদ্দিককে বাদ দিয়ে দ্বিতীয় দরদাতা সাইফুল ইসলাম মাঝিকে ওই ঘাটের ইজারা প্রদান করেন। এতে সরকার ১ লাখ ৯০ হাজার ১ টাকা রাজস্ব হারানোর পাশাপাশি তার মক্কেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ কারণে তার মক্কেল আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে গত ১২ এপ্রিল আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে গতকাল ১৩ এপ্রিল এ বিষয়ে শুনানি শেষে ওই আদেশ দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের আদেশের কপি হাতে পেলে অবশ্যই জবাব দেয়া হবে।