রংপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগের নেতা কর্মীরা

0

জয়নাল আবেদীন: কৃষি শ্রমিক সংকট ও দিন মজুরি বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন রংপুরের প্রান্তিক পর্যায়ের চাষিরা। অনেকেই অর্থাভাবে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ অবস্থায় রংপুর মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা ১শ শতক জমির ধান কাটা মাড়াই করে কৃষকের গোলায় তুলে দিয়েছে ।

রংপুর নগরীর ২নং ওয়ার্ডের পূর্ব অবিরাম ডাক্তারপাড়ায় কৃষক মধু মিয়ার ১শ শতক জমির ধান কেটে গোলায় তুলে দিয়েছে এই ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার দিন ব্যাপী ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী এই মানবিক সহায়তামূলক কার্যক্রমের নেতৃত্ব দেন রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মাজেদুর রহমান প্রিন্স। কৃষক মধু মিয়া বলেন, খেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় দুশ্চিন্তায় পড়েছিলাম। কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে ক্ষতির শঙ্কাও করছিলাম। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি ছাত্রলীগ অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছে। তা দেখে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করলে অন্তত ৫০ জন আমার খেতের ধান কেটে দিয়েছে। এজন্য আমি ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ছেলেগুলো গরমে ঘেমে একাকার হলেও ধান কাটা বন্ধ রাখেনি। আমার ১০০ শতক জমির সব ধান কেটেছে। শুধু তাই না, ধান কাটা শেষে তা মাড়াই করে বাড়ির গোলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার কোনো খরচ হয়নি। তাদের আন্তরিকতায় আমি প্রধানমন্ত্রীসহ ছাত্রলীগের সবার প্রতি চির কৃতজ্ঞ। এদিকে ধান কাটা ও মাড়াই প্রসঙ্গে জানতে চাইলে মহানগর ছাত্রলীগের সহ- সম্পাদক মাজেদুর রহমান প্রিন্স বলেন, আমরা করোনা কালীন সময়ে অনেক কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছিলাম। তিনি বলেন কেন্দ্রীয় নির্দেশনা এবং মহানগরের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বেচ্ছায় মানবিক এই কার্যক্রমে অংশ নিয়েছি।