২০ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি ও আ’লীগ

0
২০ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি ও আ’লীগ

বাংলাদেশ প্রতিবেদকঃ অবশেষে নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করার করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপর দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার জন্য আওয়ামী লীগকে অনুমতি দিয়েছে পুলিশ। তবে জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। সমাবেশ করার জন্য দুই দলকেই ২০টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি।
রাত সাড়ে ৮টায় ডিএমপি কার্যালয়ে সাংবাদিকের সামনে সমাবেশের অনুমতির বিষয় জানান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।

জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণাটি দিয়েছিল ১৮ অক্টোবর। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাকর বক্তব্য দেয়া হয়েছে। ফলে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

বিএনপি মহাসমাবেশের ঘোষণার তিন দিনের মাথায় ২১ অক্টোবর পুলিশকে চিঠি দিয়ে বিষয়টি জানায়। পুলিশের পক্ষ থেকে ২৬ অক্টোবর বিএনপিকে চিঠি দিয়ে মহাসমাবেশের জন্য দু’টি বিকল্প জায়গা ভাবতে বলা হয়। সাথে চাওয়া হয় সাত ধরনের তথ্য। এগুলোর মধ্যে সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কিনা ইত্যাদি।
বিএনপি একই দিন পুলিশকে চিঠি দিয়ে জানায়, তারা সমাবেশ নয়াপল্টনেই করবে। অন্য কোনো জায়গার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।

অপর দিকে আওয়ামী লীগ ২৮ অক্টোবর যে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছে, তার দু’টি বিকল্প জায়গা ঠিক করতে পুলিশ চিঠি দিয়েছিল। পাশাপাশি সমাবেশ নিয়ে সাতটি তথ্য জানতে চেয়েছিল। জবাবে পুলিশকে দেয়া চিঠিতে আওয়ামী লীগ জানায়, তারা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকেই সমাবেশ করবে।