মাকে হত্যায় মেয়েসহ প্রেমিকের যাবজ্জীবন, ২ জনের মৃত্যুদণ্ড

0
মাকে হত্যায় মেয়েসহ প্রেমিকের যাবজ্জীবন, ২ জনের মৃত্যুদণ্ড

বাংলাদেশ প্রতিবেদক: মানিকগঞ্জে মাহমুদা আক্তার (৪৫) হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মেয়েসহ তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ জিন্দাপীড় এলাকার মো. রাকিব হোসেন (২৭) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমন্ডা এলাকার মো. মাহফুজার রহমান (২৩)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- নিহত মাহমুদার মেয়ে জুলেখা আক্তার জ্যোতি (২২) ও তার প্রেমিকা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ জিন্দাপীড় এলাকার মো. শফিউর রহমান নাঈম (২৮)। এ সময় নুর বক্স নামের একজনকে খালাস দেন আদালত।

মামলার তদন্তে উল্লেখ করা হয়, ঘটনার প্রায় তিন বছর আগে ঢাকার ধামরাই উপজেলার গোলাকান্দা গ্রামের মারুফের সঙ্গে পারিবারিকভাবে জ্যোতির বিয়ে হয়। বিয়ের দুই বছর পর ঢাকার কেরানীগঞ্জের নাঈমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির। ফলে ২০১৯ সালের নভেম্বরে জ্যোতির ডিভোর্স হয়। এর পর নাঈমের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হন তার। বিষয়টি বুঝতে পেরে জ্যোতিকে অন্যত্র বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি মানতে না পেরে প্রেমিক নাঈমের সহযোগিতায় মাকে হত্যার পরিকল্পনা করেন জ্যোতি। সে অনুযায়ী নাঈম আসামিদের সঙ্গে এক লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে মাহমুদা আক্তারকে হত্যার চুক্তি করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার আগের দিন বিকেলে জ্যোতির কক্ষে অবস্থান নেন নাঈমসহ চারজন। পর দিন সকালে আসামিরা শ্বাসরোধ করে মাহমুদাকে হত্যা করে। এ ঘটনায় মেয়েসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন মাহমুদার স্বামী জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম বলেন, হত্যার পরিকল্পনাকারী জ্যোতি ও তার প্রেমিক নাঈমের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তাদের সর্বোচ্চ শাস্তির জন্য তিনি উচ্চ আদালতে যাবেন।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা।