ফজলুর রহমানঃ রংপুরের পীরগাছা থানা চত্বরের পতিত জমিতে বিষমুক্ত বিভিন্ন রকমের সবজি চাষ করা হচ্ছে। এতে করে চাহিদা মিটবে পুলিশের। ওসি মো. মাসুমুর রহমান মাসুম এর উদ্যোগে রাসায়নিক সার ব্যতিত বিষমুক্ত সবজি চাষ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের এক খন্ড জমিও যেন অনাবাদী না থাকে। ফসল উৎপাদনে বেশি নজর দিতে হবে। যারা ঘরে বসে আছেন তাদের ছাদে বাগান করুন।’ এরই প্রেক্ষিতে থানা চত্বরে পতিত জমির আগাছা পরিষ্কার করে চাষ করা হয়েছে নানা ধরনের সবজি। এখানকার আবাদকৃত সবজি থানার অফিসার ও ফোর্সসহ সবার পরিবারের অনেকটা চাহিদা পূরণ করবে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, থানা চত্বরে পতিত জমিতে সুসজ্জিত একটি সবজির খেত। এখানে ফুলকপি, বাঁধাকপি, সবুজ শাক, লাল শাক, মূলা শাক, বেগুন, রসুন, পেঁয়াজ, টমেটো, স্কোয়াস ও শসাসহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। নিয়মিত পরিচর্যা করার ফলে এসব সবজির ফলন বেশ ভালো হয়েছে। সময় পেলেই অন্য পুলিশ সহকর্মীরাও এই সবজির বাগান পরিচর্যা করে থাকেন। পীরগাছা থানার ওসি মো. মাসুমুর রহমান মাসুম বলেন, ‘দেশের এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে।’ প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা বাস্তবায়নে থানার পতিত জায়গায় সবজির বাগান করতে হবে। তারই ধারাবাহিকতায় থানার চারিদিকে রাসায়নিক সার ছাড়াই বিভিন্ন রকম শাক সবজি চাষ করেছি।
তিনি আরো বলেন, আমি নিজ উদ্দ্যোগে সবজি বীজ সংগ্রহ করে থানা চত্বরে গড়ে তুলেছি সবজি বাগান। দীর্ঘদিন পড়ে থাকা পতিত জমিতে এই সবজি চাষ করায় আমাদের সবজি কিনতে বাজারে যেতে হবে না। বিষমুক্ত এসব সবজি বাজারের তুলনায় অনেক ভাল। আন্তরিকতা থাকলে দেশের সকল সরকারি-বেসরকারি সব অফিসের পতিত জমিতে এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, থানা চত্বরে এরকম ব্যতিক্রমী সবজি চাষকে আমি সাদুবাদ জানায়। এ ধরনের উদ্যোগ যদি অন্য কেউ গ্রহণ করেন আমার কার্যালয় থেকে সকল প্রকার সহযোগীতা প্রদান করা হবে।
এছাড়াও বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিণায় সবজি চাষাবাদের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

