বাংলাদেশ প্রতিবেদক: জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তিনটি দাবি জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় সংলাপ’-এ এমন দাবি জানায় রাজনৈতিক দলটি। এ সময় বিএনপি, এপিপার্টি, গণফোরামের একাংশ, ও জাগপাসহ অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপে নির্বাচন সুষ্ঠু করার তিনটি দাবি তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
দাবিগুলো হলো― বিতর্কিত নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেপ্তার বিরোধী দলীয় সব রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা। সংসদ ভেঙে জাতীয় সরকার গঠন করে সেই সরকারের অধীনে নির্বাচনের নির্বাচন ও কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনসাধারণের মতামতের ওপর প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন।
এ সময় মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘একতরফা নির্বাচন নির্বিঘ্ন করার জন্য বিরোধীমতকে স্তব্ধ করতে সরকার বিভিন্নমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচনের আগে বিরোধীদল চরম দমন-পীড়নের মুখোমুখি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শত শত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা, গায়েবি মামলা ও বিরোধী দলের মৃত মানুষের নামেও কারাদণ্ড দেয়া হচ্ছে। জেলখানার ধারণ ক্ষমতার থেকে তিনগুণ বেশি আসামি কারাবন্দি।’
ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘সরকারের ছত্রছায়ায় দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম বেড়েছে। দেশে এখন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, যা দুর্বিষহ করে তুলেছে মানুষের জীবনকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের মানুষকে ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানানো হয়।

