বিমল কুন্ডুঃ উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২ জন এবং শাহজাদপুরে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন, চয়ন ইসলাম ( আওয়ামী লীগ), মোক্তার হোসেন (জাতীয় পার্টি), মোজাম্মেল হক (জাসদ), রেজাউর রশীদ খান ( ওয়াকার্স পার্টি) তারেকুল ইসলাম ( তৃনমুল বিএনপি) রেজাউল করিম বিপ্লব ( জাকের পার্টি), মোহাম্মদ শামীম ( বিএনএম), কাজী মোঃ আলামিন ( বাংলাদেশ সুপ্রীম পার্টি) ও হালিমূল হক মিরু ( স্বতন্ত্র)।
বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে , শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমূল হক মিরু আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর আগে সকাল ১১ টার পর থেকে নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা উপজেলা পরিষদ চত্বরে আসেন। বিকেল ৪ টার মধ্যে পর্যায়ক্রমে তারা বিধি মোতাবেক সংশ্লিষ্ট কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।
এদিকে মনোনয়নপত্র দাখিল করার পর উপজেলা পরিষদ চত্বরে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি চয়ন ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় তিনি সিরাজগঞ্জ – ৬ আসনে তাকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি- জামায়াত হরতাল অবরোধের নামে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে বদ্ধপরিকর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, উপজলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, মুস্তাক আহমেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, আব্দুল জব্বার, সাইফুল ইসলাম, ভিপি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল, আব্দুস ছালাম ব্যাপারী, আমিরুল ইসলাম শাহু, মারুফ হোসেন সুনাম সহ উপজেলা আওয়ামিলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

