তারেক রহমান ও চিনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক, বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

0
তারেক রহমান ও চিনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক, বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

বিশেষ প্রতিনিধিঃ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ৩১তম শীর্ষ সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কূটনৈতিক ও কৌশলগত তৎপরতা জোরদার করা হয়েছে। সফরে তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়েছেন এবং সম্মেলনের প্রধান আকর্ষণ ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ পরিদর্শন করে দেশের পরিবেশবান্ধব উদ্যোগসমূহ তুলে ধরেছেন।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

বৈঠকে দুই দেশের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক উন্নত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনায় বাংলাদেশে চিনের নতুন ও সম্প্রসারিত বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার কৌশলসমূহ প্রাধান্য পেয়েছে। উভয় নেতা আঞ্চলিক স্থায়িত্ব এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উচ্চপর্যায়ের এই কূটনৈতিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই দিন বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনের আন্তর্জাতিক ভেন্যুতে স্থাপিত ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ সশরীরে পরিদর্শনে যান। সেখানে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ সংক্রান্ত বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

প্যাভিলিয়ন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে গৃহীত সাম্প্রতিক উদ্যোগ, সবুজ প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জলবায়ু অভিযোজন সক্ষমতাভিত্তিক প্রদর্শনীর বিভিন্ন ভিজ্যুয়াল উপস্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

বিশেষভাবে, প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বৈপ্লবিক পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রতি তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন। প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে পাটের তৈরি সামগ্রীর সম্ভাবনা বিশ্বমঞ্চে কার্যকরভাবে তুলে ধরার জন্য তিনি জোর দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নের কর্মকর্তা ও প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি এবং নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে গৃহীত অভিযোজন কৌশল কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সে সম্পর্কে তিনি বিশদভাবে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের পরিবেশবান্ধব ভাবমূর্তি সফলভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।