ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশজুড়ে ঋতু পরিবর্তনের পালাবদলের মধ্যেই উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে হঠাৎ করেই আঘাত হেনেছে অসময়ের আকস্মিক শিলাবৃষ্টি। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে জেলার বিস্তীর্ণ জনপদে মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধানসহ বিভিন্ন শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ এমন বৈরী আবহাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় কৃষকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই আকাশ কালো করে নামে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। ঠাকুরগাঁও সদর উপজেলা, বালিয়াডাঙ্গী ও হরিপুরসহ জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই শিলাবৃষ্টি স্থায়ী হয় বেশ কিছুক্ষণ। হঠাৎ প্রাকৃতির এমন রোষানলে পড়ে বিশেষ করে মাঠে থাকা সোনাঝরা আমন ধান এবং সবেমাত্র চাষ করা বা বৃদ্ধি পাওয়া নানা ধরনের শীতকালীন শাকসবজি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকে জানান, অনেক কষ্টে ঋণের টাকা ও জমানো পুঁজি খাটিয়ে ধান চাষ করা হয়েছিল। ধান কাটার এই মৌসুমে মাঠে পাকা ধান নুইয়ে পড়া এবং শিলার আঘাতে তা ঝরে যাওয়ার আশঙ্কায় তাদের বুক কেঁপে উঠছে।
অসময়ের এই শিলাবৃষ্টির ফলে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যার এই আকস্মিক শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
তবে কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ এবং সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। তাদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জেলার অধিকাংশ আমন ধান ইতিমধ্যে কৃষকদের গোলায় বা ক্ষেত থেকে কেটে ঘরে তোলার কাছাকাছি চলে এসেছে। ফলে যদি কিছু ক্ষতি হয়েও থাকে, তবে সার্বিকভাবে সেটি খুব একটা বড় অংকের বা মারাত্মক মাত্রার হবে না বলেই ধারণা করা হচ্ছে।
কৃষি বিভাগ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে এবং কৃষকদের যেকোনো প্রয়োজনে প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠ পর্যায়ের কর্মীরা প্রস্তুত রয়েছেন বলে জানানো হয়েছে।

