মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো.মাহবুবুর রহমান আজাদের পৌরশহরের কুমার পট্রিস্থ আবাসিক এলাকার ভিটা বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৮ টায় কলাপাড়া শহর আওয়ামী লীগ আয়োজিত কলাপাড়া পৌরশহরস্থ মিনি সুপার মার্কেটে নৌকার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মো.মাহবুবুর রহমান আজাদ বলেন, ’এক সময়ে কলাপাড়ায় আওয়ামী লীগের অফিস ও আসবাবপত্র কিছুই ছিল না। আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান, আসবাবপত্র দিয়ে আওয়ামী লীগের অফিস সচল রেখেছি। তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মাহবুবুর রহমান কর্মী বান্ধব নেতা ছিলেন। এরপর তিঁনি তিনবার এমপি ও একবার প্রতিমন্ত্রী হন। নেতাকর্মীদের মূল্যায়ন তো দূরের কথা উল্টো আমার পৈত্রিক সম্পত্তি দখল করে বাউন্ডারি ওয়াল দিয়ে বেদখল করেন। শুধু তাই নয় তাঁর হাতে মসজিদের অর্থ সম্পদ ও নিরাপদ ছিলনা।’
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পৌর কাউন্সিলর তারেকুজ্জামান তারেক, সাবেক কৃষি অফিসার মজিবর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সালমা কবির প্রমূখ।
কলাপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান আজাদ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তীব্র শীত উপেক্ষা করে অনুষ্ঠানে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঈগল মার্কা নিয়ে প্রতিদন্দিতাকারী স্বতন্ত্র প্রার্থী মো.মাহবুবুর রহমান তার বিরুদ্বে বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি করো বাড়ি দখল করিনি।এটি একটি রাজনৈতিক অপপ্রচার।

