কাগজ প্রতিবেদকঃ বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত অনেকেই নিখোঁজ রয়েছেন বেল দাবি করছেন স্বজনরা। আগুনের ঘটনায় অনেককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আগুনে ট্রেনের চ, ছ বগি ছাড়াও পাওয়ার কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) ট্রেনে আগুনের ঘটনার পর রেল কর্তৃপক্ষ জানিয়েছে ১৫৪ জন যাত্রী নিয়ে বেনাপোল ছেড়েছিল ট্রেনটি। আর কমলাপুরে নামার কথা ছিল ৪৯ জনের। এদের মধ্যে ভারতীয় যাত্রী থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, ট্রেনের একটি কামরা থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর র্যাবসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দারা আগুনের ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছেন বলেও জানান তিনি।
রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে উদ্ধার কাজে যোগ দেন বিজিবির সদস্যরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান আরও জানান, গোলাপবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
বেনাপোল এক্সপ্রেস দুপুর ১টায় বেনাপোল ছেড়ে আসে। ট্রেনটি যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি করে। ট্রেনটি ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা যা ২০১৯ সালের ১৭ জুলাই চালু হয়। বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ কর্তৃক পরিচালিত এটি বিলাসবহুল ও অত্যাধুনিক একটি ট্রেন।

