যশোরে বিএনপি নেতা ও শিক্ষকের বাড়ি থেকে অবিস্ফোরিত দুটি ককটেল ও হত্যার হুমকিসংবলিত চিরকুট উদ্ধার; শহরে সিরিজ বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৩

0
যশোরে বিএনপি নেতা ও শিক্ষকের বাড়ি থেকে অবিস্ফোরিত দুটি ককটেল ও হত্যার হুমকিসংবলিত চিরকুট উদ্ধার; শহরে সিরিজ বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৩

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার এক ইউনিয়ন বিএনপি নেতা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়ির উঠান থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু এবং প্রাণনাশের হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে শিমুল হোসেনের বাড়ি থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষকের পরিবারসহ পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানের এক পাশে লাল স্কচটেপে মোড়ানো জর্দার কৌটাসদৃশ দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন শিমুল হোসেন। কাছে গিয়ে সেগুলো ককটেল বলে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। বস্তু দুটির পাশেই হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়, যেখানে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে শিমুল হোসেন অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে বা এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করতে বাড়িতে ককটেল ছুড়ে মারে। সৌভাগ্যবশত সেগুলো বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছি। যারা দেশ ও এলাকাকে অস্থিতিশীল করতে চায়, তারাই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল, কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আলামত হিসেবে অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু দুটি ও চিরকুটটি জব্দ করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, উদ্ধারকৃত বস্তুগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে এবং চিরকুটের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা শিমুল হোসেনের বাড়িতে ছুটে যান। তাঁরা একজন শিক্ষকের বাড়িতে এমন সন্ত্রাসী হামলার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে যশোর শহরের আদালতপাড়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে মুজিব সড়কের পুরোনো আদালত ভবনের সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকার ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ সামনে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সংলগ্ন এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শহরে নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যশোর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।