এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত মিনি মার্কেট সংলগ্ন রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতে হাটু সমান পানি জমে জনদূর্ভোগে পরিণত হয় রাস্তাটি। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পরে থাকলেও সংষ্কারের উদ্যোগ নিতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। অথচ সামান্য কয়েক ফুট রাস্তাটির সংষ্কার হলেই ভোগান্তি থেকে বেঁচে যায় ব্যবসায়ী ও ক্রেতা সাধারনরা। তবে,এবারের বর্ষা মৌসুমের আগেই সংষ্কারের কাজ হবে বলে জানান পৌর মেয়র।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মিনি মার্কেট ও সোসাইটি সিনেমা হলের মাঝখানের এ রাস্তাটি পানিতে তলিয়ে রয়েছে। সকালের সামান্য বৃষ্টিতে এ অবস্থা হয়েছে। এদিকে সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে প্রচুর ক্রেতা-সাধারনের সমাগম হয়েছে। রাস্তায় জমে থাকা বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা একত্রিত হয়ে গেছে। সেই ময়লা পানির মধ্য দিয়ে বাধ্য হয়েই পথচারীদের হাটতে হচ্ছে। অথচ সামান্য কয়েক ফুট রাস্তাটি সংষ্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানালেও কোন সুরাহা পায়নি বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে, রাস্তাটি মেরামতের জন্য পৌর মেয়র ও কাউন্সিলরদের জানানো হয়েছে। সবাই আশ্বাস দেয় কিন্তু কাজ করে না। আজ সাপ্তাহিক হাটের দিন। সকালে সামান্য বৃষ্টিতে এখানে পানি জমে গেছে। মানুষজন এখন চরম দূর্ভোগে পরেছে।
রাস্তার পাশের এক ব্যবসায়ী বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি হাটু সমান পানিতে তলিয়ে যায়। তখন কাষ্টমার আসতে পারে না। আমাদের বেচা-বিক্রি কমে যায়। রাস্তাটি দ্রুত সংষ্কারের জন্য তিনি আবেদন জানান। কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, রাস্তাটি সংষ্কারের কাজ হাতে নেয়া হয়েছে। বর্ষার আগেই কাজ শেষ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

