মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা কালে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে থানাপুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার জামসা ইউনিয়নে দক্ষিণ জামসা হাটের বান্দুরা-জামসা সড়কে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের সেকান্দর মুন্সির ছেলে র্যাব সদস্য মো. শামীম(৪৪), রাধানগর গ্রামের মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮), মেঘচামি গ্রামের সোলেমান মৃধা ছেলে সম্রাট (২৮), পাবনা জেলার আটঘরিয়া উপজেলার পাটেস্বর গ্রামের মৃত ফরমান প্রামানিকের ছেলে আমিজুদ্দিন (৫০) ও ঢাকার আশুলিয়া উপজেলার খেজুরটেক গ্রামের মৃত আ. রহিম বেপারী (বাক্স) হায়েজ মাইক্রোর ড্রাইভার জানিব মিয়া (৬২)। এর মধ্যে মো.শামীম র্যাব-১ উত্তরা এলাকায় কর্মরত।
স্থানীয় ও পুলিশ জানায়,ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ইউনিয়নের নটাখোলা গ্রামের বৈদ্যনাথ হালদারের ছেলে সুমন হালদার (৪০) ১০০ ভরি সোনার একটি চালান নিয়ে চারিগ্রামের উদ্দেশ্য সিএনজি যোগে রওনা দেয়। এসময় পথিমধ্যে নবাবগঞ্জের সীমান্তবর্তী সিংগাইর উপজেলা জামশা ইউনিয়নের আমতলা এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা (ঢাকা মেট্রো-চ ১৯-৯৪৫৭) র্যাবের স্টিকারযুক্ত একটি হায়েজ মাইক্রোবাসে হাত মুখ বেধে মারধর করে তোলে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা স্বর্ণের ব্যাগটি র্যাব পরিচয় দিয়ে তাদের ৪জনকে জোর পূর্বক আটিক করে চোখ বেধে গাড়িতে তোলে নিয়ে যাচ্ছিল। জামসা বাজারে তাদের মাইক্রোবাসটি জ্যামে পড়লে স্থানীয় জনতা ভিতরে তাদের চোখ বাধা অবস্থায় দেখতে পায় এবং তাদের গতিবিধি সন্দেহ হয়।এরপর চ্যালেঞ্জ করলে অপহরনকারীরা র্যাবের পরিচয় দেয়। পরে স্থানীয়রা তাদেরকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। মাইক্রোবাসটি ভাংচুর করা হয়। পরে থানাপুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে থানায় নিয়ে যায়। এদিকে ৫ জনকে আটক করতে সক্ষম হলেও সিদ্দিক নামে স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, হায়েজসহ ৫জনকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে, তাদের আরো একজন সদস্য পলাতক আছে। তাকেও আটকের চেষ্টা চলছে।

