এবারের সংসদে নারীরা পুরুষদের চেয়ে অনেক স্মার্ট: স্পিকার হাফিজ উদ্দিন

0
এবারের সংসদে নারীরা পুরুষদের চেয়ে অনেক স্মার্ট: স্পিকার হাফিজ উদ্দিন

বরিশাল প্রতিনিধিঃ দেশের নারী শিক্ষাকে আরও এগিয়ে নিতে স্নাতক (বিএ) পাশ পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর বিষয়ে সরকারপ্রধানকে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একইসঙ্গে বর্তমান সংসদে নারী সদস্যদের মেধা, যোগ্যতা ও সংসদীয় আচরণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, এবারের সংসদে নারীরা পুরুষদের চেয়েও অনেক বেশি স্মার্ট।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’-এর শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে এ দেশের নারী শিক্ষার অগ্রদূত হিসেবে অভিহিত করে স্পিকার বলেন, “তাঁর শাসনামলেই শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয়েছিল এবং নারীদের জন্য এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার খরচ সরকার বহন করত।”

শিক্ষা খাতে এই সুবিধা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “নারী শিক্ষার এই সুযোগ পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। আমি বর্তমান সরকারপ্রধানকে অনুরোধ জানাব, যেন নারীদের বিএ (স্নাতক) পাশ পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়।”

চলমান জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে নিজের মুগ্ধতার কথা তুলে ধরে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এবারের সংসদে নারীরা পুরুষদের চেয়ে অনেক স্মার্ট। সরাসরি ভোটে কিংবা সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে আসা এই নারীদের মধ্যে ৫ জন ব্যারিস্টার, ৬ জন ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার কৃতী ব্যক্তিত্ব রয়েছেন। তাঁদের গভীর জ্ঞান এবং মার্জিত সংসদীয় আচরণ দেখে আমি সত্যিই অভিভূত।”

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। দিনব্যাপী নানা আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়।