ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঘটে যাওয়া এই সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির একাংশের দলীয় কার্যালয়সহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের খবরে শুক্রবার বিকেল ৩টার দিকে একটি পক্ষ শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া অপর পক্ষের নেতাকর্মীদের সঙ্গে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মিছিল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানের ভেতরে আটকা পড়েন। এ সময় অপর পক্ষের নেতৃত্বে থাকা বিএনপি নেতা কবির আহমেদের অনুসারীরা পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে কার্যালয় ও দোকানপাটে ভাঙচুর চালায়।
প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে মুশফিকুর রহমানের পক্ষের নেতাকর্মীরা বেরিয়ে আসেন। টানা কয়েক ঘণ্টার এই তাণ্ডব ও উত্তেজনার জেরে সড়ক বাজার, লালবাজার এবং রাধানগর এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন, ফলে পুরো শহরে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করে।
সংঘর্ষের খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এ সময় ইটপাটকেলের আঘাতে বিল্লাল নামে এক পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। প্রশাসন ও পুলিশের যৌথ প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে এবং এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

