প্রধান বিচারপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত হচ্ছেন আশফাকুল ইসলাম

0
প্রধান বিচারপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত হচ্ছেন আশফাকুল ইসলাম

বাংলাদেশ প্রতিবেদক: পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার দুপুরে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তার স্থানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হচ্ছে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে। আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দুপুর দেড়টার দিকে জানা যায়, প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর দুইটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।

এর আগে বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে প্রধান বিচারপতিসহ অন্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোনকারী শিক্ষার্থীদের ঢল নামে। একই দাবিতে হাইকোর্ট চত্বরে মিছিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

পরে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, উদ্ভূত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আপিল বিভাগের পাঁচ বিচারপতি আজ পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।