বাংলাদেশ প্রতিবেদক: কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অপরাধী চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশী-বিদেশী অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজার সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এডিশনাল এসপি আবুল কালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক (৪৭), তার ভাই কলিম উল্লাহ (৩৫), একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান (২০), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও তার ভাই আবদুল আজিজ (২৫)।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চেইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

