আবারও হাসানাতকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা !

0
আবারও হাসানাতকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা !

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের পর এবার রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ’র গাড়িতে চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এ অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

হান্নান মাসুদ ফেসবুকে লিখেছেন, হাসনাত আবদুল্লাহকে আরেকবার যাত্রাবাড়িতে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা।

এদিকে, এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি লিখেছেন, ‘চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে ! ’

‘এসব ষড়যন্ত্র করে আর কত ? কয়জন হাসনাত মারবেন ? ’এমন প্রশ্ন তুলে সারজিস লিখেন, ‘মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা ? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে ! কিন্তু পিছু হটেনি ৷ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত ৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না ৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি ৷

এরআগে বুধবার সন্ধ্যার দিকে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি কার ও একটি পাজেরো ছিল।

দুর্ঘটনার পর সেই ট্রাকচালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক ট্রাকচালকের নাম মুজিবর রহমান (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে।

ট্রাকচালককে আটকের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই হানিফ বলেছিলেন, ‘এখন ট্রাকচালক এবং হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’

প্রসঙ্গত, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।